Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৯

মাদকদ্রব্য ধ্বংস করার সময়কার চিত্র।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দফতরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ এসব মাদক ধ্বংস করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ‘মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্তে নিরলসভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

বক্তব্যে মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বিজিবি জনায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এরই অংশ হিসেবে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৪ হাজার ৪৩২ বোতল বিদেশি মদ, ৭ হাজার ৭৮৭ বোতল ফেন্সিডিল, ৫৫০ কেজির বেশি গাঁজা, ২৬ কেজির বেশি হেরোইন, ৬ কেজির বেশি কোকেন ও ৬৭ হাজারের বেশি ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বিজিবি আরও জানায়, ধ্বংস করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক, বিচার বিভাগীয় কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে বিজিবি।