Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি: চার মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২১:১০

সুন্দরবন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরায় সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চারজন মৌয়াল।

সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ভাসতে ভাসতে পরের দিন সন্ধ্যা নাগাদ সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদেরকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে বনবিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক।

বনবিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণ করার সময়ে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

অভিযানে হুলদিবুনিয়া এলাকা থেকে উদ্ধার করা চারজন মৌয়াল হলেন—সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুস আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে।

অন্যদিকে, নিখোঁজ থাকা অপর চারজন মৌয়াল হলেন—শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওয়াহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইয়ুব আলীর ছেলে ইকরামুল কবির।

ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, নিখোঁজ থাকা চারজনের সন্ধানে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বনবিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোষ্ট গার্ড ও বিজিবিকে এ ঘটনার বিষয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।