যশোর: যশোরে ৩০০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান নামে এক চিহ্ণিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলার শার্শা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। আটক জিয়াউর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আদম আলীর ছেলে।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শার্শার কুন্দিপুর গ্রামস্থ শার্শা পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় উপস্থিত হলে জিয়াউর রহমান নামে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে আরও ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
আটক জিয়াউরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।