কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জামালপুর বিওপির জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৯টার দিকে তেঁতুলবাড়ী বিওপির খাসমহল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া, শুক্রবার রাত ৩টা ৫০ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে বিজিবি। আরেক অভিযানে শনিবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক, বিস্ফোরক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাহিনী।
ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।