Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে চারকোল শিল্পে নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৭:৪৮

মাদারীপুরে চারকোল শিল্প নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা।

ঢাকা: মাদারীপুরে চারকোল শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মশালার লক্ষ্য ছিল চারকোল কারখানায় পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা। এতে মাদারীপুরসহ আশপাশের বিভিন্ন কারখানা থেকে ৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে কারখানার মালিক, ব্যবস্থাপক ও শ্রমিকরা ছিলেন।

বিজ্ঞাপন

বিসিসিএমইএ সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চারকোল উৎপাদনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহারের গুরুত্ব এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে অনন্ত গ্রুপের ওয়েলফেয়ার অফিসার আইরিন সুলতানা চারকোল নির্দেশিকা ও শ্রমিক কল্যাণ বিষয়ে দিকনির্দেশনা দেন।

মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অ্যাডমিন অফিসার শারমিন সুলতানা শিল্পের প্রশাসনিক ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়নে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত থেকে পেশাগত নিরাপত্তা বিষয়ে বক্তব্য দেন চ্যানেল ওয়ান-এর প্রতিবেদক মিনা ফেরদৌস ও সারাবাংলা ডট নেটের স্টাফ করেসপন্ডেন্ট আদিল খান।

কর্মশালায় শ্রমিকরা তাদের কর্মস্থলের সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। এ সময় বিসিসিএমইএ সভাপতি আতিকুর রহমান নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে চারকোল কারখানার এক মালিক বলেন, ‘শুরু‌তে চার‌কোল কারখানা নি‌য়ে অনেক গুজব ছড়া‌নো হ‌য়ে‌ছিল—চা‌র‌কোল কারখানার আশপা‌শে না‌কি ফসল হয় না এবং এ কারখানা নাকি প‌রি‌বে‌শের জন্য ক্ষ‌তিকর! ‌কিন্তু আমি নি‌জেই দ্বিগুন ফসল ফলি‌য়ে সবার ধারণা প‌রিবর্তন ক‌রে দি‌য়ে‌ছি।’

এ ছাড়া, অনুষ্ঠান শেষে সারাবাংলা ডট নেটের স্টাফ করেসপন্ডেন্ট আদিল খান বলেন, ‘চারকোল নি‌য়ে আমা‌দের দুইটা কাজ কর‌তে হ‌বে—প্রচার ও প্রসার। গণমাধ্যমে চার‌কোলের বিষয়ে প্রচার করার দা‌য়িত্ব আমা‌দের, আর আপনারা মা‌লিকেরা প্রসার কর‌বেন কারখানার। তাহ‌লেই চার‌কোল দেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারবে।’

সবশেষে, চারকোল শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর