কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আতর আলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আক্তার নীলয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে বেড়িবাঁধে ভাঙনের আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নজরে এলে দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করে তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) নুরুল আক্তার নীলয় বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।