Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২০:৪১

গ্রেফতার হওয়া ওই নারী।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক নারী আসামি তাসলিমা বেগমকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তাসলিমা বেগম (৩০) একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

র‍্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দুপুর ২টার দিকে মনিরঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া তাসলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।