কুমিল্লা: কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে আরেক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (১১ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার ও আটকের ঘটনা ঘটে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ এই চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আল আমিন (৩০), বুড়িচং উপজেলার লিটন (৪০) ও আল আমিন (৩৫) এবং লালমাই উপজেলার এরশাদ (৪৫)।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই উপজেলায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য সোহেলকে (৩৫) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সম্প্রতি চাঁদপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করেছে। তাদের বিরুদ্ধে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় চুরি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে আল আমিনের বিরুদ্ধে সাতটি এবং লিটনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। মোট ১৭টির বেশি মামলা তাদের বিরুদ্ধে তদন্তাধীন।
এদিকে, একই দিনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এস আলম পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে চালক মাহমুদুর করিমকে (৪৫) ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) শামসুল আলম শাহ্ বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য জেলা গোয়েন্দা শাখা সর্বদা সজাগ রয়েছে।’