Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি দিয়ে গম আমদানি শুরু, প্রথম চালানে এলো ১১৬ মেট্রিক টন

লোকাল করেসপনডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২৩:৫৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৫৭

হিলি: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দীর্ঘ বিরতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভারতীয় ৩টি ট্রাকে মোট ১১৬ মেট্রিক টন গমের একটি চালান বন্দরে প্রবেশের মাধ্যমে এই বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান রিফা এন্টারপ্রাইজ এই গমের চালানটি দেশে নিয়ে এসেছে। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওবায়দুল ইসলাম হেলেন। তিনি জানান, দেশের বাজারে গমের চাহিদা পূরণ ও সরবরাহ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘ সময় পর গম আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে আটা ও ময়দার দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দেশের খাদ্য চাহিদা পূরণে হিলি বন্দর দিয়ে নিয়মিত পণ্য আমদানি করা হচ্ছে।
গমের এই চালান আসায় বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে।

হিলির ব্যবসায়ীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, আমদানির এই ধারা অব্যাহত থাকলে দেশের অভ্যন্তরীণ বাজারে গমের ঘাটতি দূর হবে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে আটা ও ময়দা কিনতে পারবে।

দীর্ঘ সাড়ে ৩ বছর পর গম আমদানি শুরু হওয়াটা আমাদের বন্দরের জন্য যেমন ইতিবাচক, তেমনি দেশের খাদ্য নিরাপত্তার জন্য আশাব্যঞ্জক। আমদানিকৃত গম দ্রুত শুল্কায়ন করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের রফতানি নীতি ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে দীর্ঘদিন এই বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল। পুনরায় এই আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর