Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ১২:২৮

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে লিটন খা নামে এক ব্যাটারি চালিত রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, রিকশাটি ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লা পাড়া জামে মসজিদ এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীর পাড় হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিকশা চালক লিটন খান সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের রামচন্দ্রপুর তালতলা এলাকায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, শনিবার (১১ এপ্রিল) রাতে লিটন বাসা থেকে জ্যাকেট নিয়ে বের হয়। তখন সে বলে, দূরে ভাড়া আছে, বাড়িতে আসতে দেরি হতে পারে। রাত ১২টার দিকে তাকে মিস কল দিলে সে ব্যাক করে না। রাত ৩টার দিকে দেখি সে বাসায় আসে নাই। আমার মেয়েকে দিয়ে ফোন দেওয়াইছি, দেখি বন্ধ। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। সকালে খবর পেয়ে এসে তার লাশ দেখতে পাই। দুর্বৃত্তরা ব্যাটারি চালিত রিকশাটি ছিনতাই করার জন্যই আমার স্বামীকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

নিহত রিকশাচালক।

রাজবাড়ী সদর থানার এসআই ওবায়দুর রহমান বলেন, সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার কাছে থাকা রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করে এবং লাশটি গোপন করার জন্য পদ্মার নদীর পাড়ে পানির মধ্যে ফেলে রাখে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ঘটনাটি শোনার পরই নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর