Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পুলিশ পাহারায় পীর শামিমের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১১:২০

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ পাহারায় কথিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় জানাজা শেষে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে শামীম নামে ওই কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত শামীম ওই দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তার তিন অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, বেলা ১টার দিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গোটা শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে এবং মাথা, ঘাড়, পিঠে তুলনামূলক গভীর জখমের আলামত দেখা যায়। একাধিক জখমের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজ শেখ জয়নুদ্দিন। এময় তিনি সাংবাদিকদের জানান, যে হত্যাকাণ্ড হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে অভিযোগ দিলে আমাদের প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। আমি চাইবো এই ফিলিপনগর এলাকার মানুষের কাছ থেকে আর কোনো আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়। আমাদের কোনো আটক নেই এখনও। আমরা এর সঠিক বিচার করবো।

জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। বিজিবির টহলসহ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িতেও পুলিশি পাহারা থাকবে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কোনো ছাড় হবে না।

উল্লেখ্য, আব্দুর রহমান শামীম দৌলতপুরে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে ফিলিপনগর উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি, কুমারখালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ভেড়ামারা কলেজ থেকে বিকম পাস করেন। পরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমকম সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে কেরানীগঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন শামীম। পরে চাকরি ছেড়ে কেরানীগঞ্জের গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর মুরিদ হন এবং সেখানে খাদেম হিসেবে বসবাস শুরু করেন। পরে ২০১৮ সালের দিকে পৈতৃক বাড়িতে এসে তিনি নিজে একটি দরবার গড়ে তোলেন।

এর আগে, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে পীর শামীম রেজার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে দীর্ঘ কারাভোগ শেষে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়ান বলে স্থানীয়দের অভিযোগ।