Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বাড়ির আঙিনার ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:১০

শিশু মাহিন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনার ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মাহিন (৬) সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১২ এপ্রিল) বিকেল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনা ভর্তি ডোবার নিকট মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মাহিনের বাবা মামুন আলী জানান, গত রবিবার (১২ এপ্রিল) বিকেলে মাহিন ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়। এরপর তার আর কোনো সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ছেলের মরদেহ পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।