পাবনা: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদীর রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল রানা (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
র্যাব জানায়, আটককৃত আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, তিনটি মোবাইলফোন, চারটি সিমকার্ড, একটি প্রাইভেটকার ও একটি হাতঘড়িও জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯ (এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।