Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ ‘মৃত্যুপুরী’ হয়ে ওঠার অভিযোগ, মানববন্ধনে ৫ দফা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২১:০৬

মানববন্ধনে টেকনাফের স্থানীয় ছাত্র-জনতা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আশঙ্কাজনক হারে বেড়ে চলা অপহরণ, মাদক চোরাচালান, মানবপাচার এবং সীমান্ত দিয়ে আরাকান আর্মির অনুপ্রবেশের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে টেকনাফ স্টেশন মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলা অপহরণ, হত্যা ও মাদক সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডে টেকনাফের সাধারণ মানুষের জীবন চরম অনিরাপদ হয়ে পড়েছে। এসব ঘটনায় কার্যকর প্রতিকার না পাওয়ায় পুরো এলাকা কার্যত একটি ‘মৃত্যুপুরী’-তে পরিণত হয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ সময় কর্মসূচিতে ছাত্র-জনতা রাষ্ট্রের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো, টেকনাফকে অবিলম্বে সন্ত্রাস, অপহরণ ও মাদক সিন্ডিকেটমুক্ত ঘোষণা করে যৌথবাহিনীর স্থায়ী অভিযান পরিচালনা; সীমান্ত দিয়ে আরাকান আর্মির অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা; অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃশ্যমান বিচার নিশ্চিত করা; এবং সীমান্ত ও উপকূলীয় এলাকায় ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করা।

বক্তারা বলেন, চলমান এই পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি মানবিক সংকটে রূপ নিয়েছে। টেকনাফবাসীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ছাত্র-জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ‘এই সংকট আর সহ্যের সীমায় নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আমরা আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এর দায় সম্পূর্ণভাবে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।’

এ ছাড়া, মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষেরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে টেকনাফে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর