Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২২:৪৫

পঞ্চগড়: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাস করেন—যার বাস্তব প্রমাণ ইতোমধ্যেই মিলেছে। দেশের নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধারে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নের মধ্য দিয়েই এ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে।

সোমবার (১৩ এপ্রিল) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছেতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্যালিপ্টাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ এটি মাটির প্রচুর পানি শোষণ করে। তাই এ ধরনের গাছ না লাগিয়ে ফলদ, ঔষধি ও কাঠজাত গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একসময় ছেতনাই খালজুড়ে পানি ও মাছের প্রাচুর্য ছিল, যা স্থানীয় হাজারো মানুষের কৃষি ও জীবিকার চাহিদা মেটাতো। কিন্তু সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে বর্তমানে প্রায় মৃত অবস্থায় পরিণত হয়েছে। সরকার এই খাল পুনঃখননের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ করে দেশকে আবারও সুজলা-সুফলা শস্য-শ্যামলা করে তোলা হবে।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করবেন, যা স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খনন কাজে শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

জানা গেছে, প্রায় সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে ছেতনাই নদীর প্রায় সাড়ে ৫ কিলোমিটার অংশ খনন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এ কাজ বাস্তবায়ন করবে। খনন শেষে নদীর দুই তীরে বৃক্ষরোপণ করা হবে এবং মাছ ও হাঁস চাষের সুযোগ সৃষ্টি করা হবে। এতে ওই এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই আশা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর