খুলনা: উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে বর্ণাঢ্য সাজে সেজেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস। ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ, বর্ণিল আলপনা, প্যান্ডেল সাজানো, বৈশাখী শোভাযাত্রার জন্য বিভিন্ন প্রতীকী উপকরণ তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এবং বিভিন্ন স্টল প্রস্তুত। শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এই আয়োজনকে সফল করতে কাজ করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচি সফল করতে আজ সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিশেষ ‘ফ্ল্যাশ মব’-এ উৎসবমুখোর পরিবেশে শেষ মুহূর্তের সময় পার করছে।
এছাড়া বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রবেশপথে এবং আঙিনায় শুরু হয়েছে বর্ণিল আলপনা অঙ্কন, যা চলবে রাত ১০টা পর্যন্ত। পুরো ক্যাম্পাস এখন উৎসবের আমেজে মুখরিত। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আয়োজনের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং বিভিন্ন স্টল ও আলপনা ঘুরে দেখেন। সেইসঙ্গে সকল অনুষ্ঠান সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
আগামীকাল সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’ উদ্বোধনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। মেলার পাশাপাশি থাকবে বাউল সংঙ্গীত, সাপ খেলা, বানর খেলা, ম্যাজিক শো, ট্রেজার হান্ট, মোরগ লড়াই, কাবাডি খেলা, ঘুড়ি উৎসবসহ গ্রামবাংলার চিরচেনা সব আয়োজন। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।