হিলি: দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে (হিলি) মাদকের বিস্তার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবন দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হাকিমপুর উপজেলার সি,পি রোড সংলগ্ন বালুরচর এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন। অভিযানে বিজিবি ও পুলিশের একটি চৌকস দল সার্বিক সহায়তা করেন।
অভিযান চলাকালীন মাদক সেবন অভিযোগে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে সাজা প্রদান করেন ৪ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, হিলিকে মাদক মুক্ত করতে আমাদের এই সমন্বিত অভিযান নিয়মিত চলমান থাকবে। যারা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
সীমান্তবর্তী এলাকায় মাদকের সরবরাহ সেবন বন্ধ করতে পুলিশ, বিজিবি ও প্রশাসন একযোগে কাজ করছে। এটি একটি পরিষ্কার বার্তা যে, মাদকের সাথে কোনো আপস নেই।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।