সুনামগঞ্জ: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সুনামগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৩ এপ্রিল) রাতে সংগঠনের জেলা শাখার সভাপতি শীলা রায় ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি অভিযোগ করেছে, জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত সাংস্কৃতিক চর্চার স্বাধীনতায় হস্তক্ষেপ।
প্রেস বিজ্ঞপ্তিতে উদীচী জানিয়েছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে গানের তালিকা ও অন্যান্য পরিবেশনার বিস্তারিত তথ্য জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। উদীচীর নেতারা এই শর্তকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। পরে বিকল্প স্থানে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও, শেষ মুহূর্তে জেলা প্রশাসন জানিয়ে দেয় যে সুনামগঞ্জ শহরের কোথাও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
সংগঠনটির মতে, এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিপন্থী এবং এটি মুক্ত সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নানা প্রতিকূলতা সত্ত্বেও উদীচী সব সময়ই গণমানুষের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে শহরের উন্মুক্ত স্থানে বিকল্পভাবে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু সরকারিভাবে সব সংগঠনের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান করা হচ্ছে। উদীচীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আলাদা অনুমোদন দেওয়া যায় কীভাবে?