নাটোর: নাটোরের বড়াইগ্রামে একটি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে সংঘটিত ডাকাতির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব।
পুলিশ সুপার জানান, গত ২৬ মে রাতে বড়াইগ্রামের বনপাড়া এলাকায় নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা সেখানে দায়িত্বরত চারজন নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে রাখে। পরে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার ইলেকট্রনিক সরঞ্জাম ও ব্যাটারি লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। এ ঘটনায় সিগনি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বড়াইগ্রাম থানায় মামলা করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতার হওয়া সদস্যদের মধ্যে রুহুল আমিন ও সৈকত নামের দু’জন ডাকাতির মূল সমন্বয়ক। তারা জেলখানায় বসেই এই ডাকাতির পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, অভিযানে ৩৫০টি ব্যাটারি সেল, ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক, ১০টি মোবাইলফোন ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও পুলিশ সুপার জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।