ঢাকা: নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক উন্নয়নে নিবেদিত অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘আমরা নারী’ এবং আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার প্রাণকেন্দ্র গ্রিনরোডে অবস্থিত ইউনিকো হসপিটালস পিএলসি প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এতে হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সিইও আদ্রা কুরিয়েন, জেনারেল ম্যানেজার রুবি রেবেকা এরেঙ্গ, চিফ মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম. ডি. শরীফ আহমেদ, সিনিয়র ম্যানেজার (করপোরেট রিলেশনস) রেজাউল করিম, চিফ নার্সিং সার্ভিসেস অফিসার এলিজাবেথ জ্যোতি এবং ডেপুটি ম্যানেজার আহমেদ সামি।
অন্যদিকে, ‘আমরা নারী’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট শবনম শেহনাজ চৌধুরী, এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব), প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী; পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. মো. খাদেমুল বাশার, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ডা. বুশরা নূর আল চৌধুরী, পরিচালক (যোগাযোগ) ডা. তরুণ কান্তি পাল এবং সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।
এই সমঝোতা চুক্তির আওতায় ‘আমরা নারী’র সদস্যরা এবং তাদের পরিবার ইউনিকো হসপিটালস পিএলসির নির্ধারিত বিশেষায়িত স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় সুবিধা উপভোগ করবেন। পাশাপাশি, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইউনিকো হসপিটালস পিএলসি সক্রিয়ভাবে ‘আমরা নারী’র সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ‘আমরা নারী’র সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপদ খাদ্য বিষয়ে গবেষণা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে দেশের নারীদের জন্য আরও সমন্বিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সূচিত হলো।