Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুলির উদ্যোগে কাঠের সেতু, উলিপুরে দুর্ভোগের অবসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৫:০৯

নবনির্মিত কাঠের সেতু।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে এক কুলির ব্যক্তিগত উদ্যোগে নির্মিত কাঠের সেতু বদলে দিয়েছে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র। বুড়ি তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুর ফলে ঝুঁকিপূর্ণ পথে চলাচলের অবসান ঘটেছে; এখন নিরাপদে যাতায়াত করতে পারছেন এলাকাবাসী।

উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম নিজ উদ্যোগে প্রায় ১২০ ফুট দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করেন। এতে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। দীর্ঘ ২৫ বছরের সঞ্চয়, একটি মোটরসাইকেল বিক্রি এবং ঋণের মাধ্যমে তিনি এ অর্থ জোগাড় করেন।

স্থানীয়রা জানান, এতদিন মানুষকে উলিপুর রেলস্টেশনের পাশের ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী রেলসেতু ব্যবহার করতে হতো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা ছিল। নতুন সেতু নির্মাণের ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষও উপকৃত হচ্ছেন।

বিজ্ঞাপন

বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও শ্রমজীবী মানুষের জন্য আগে চলাচল ছিল কষ্টসাধ্য। বর্তমানে সেতুটি চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়েছে বলে জানান স্থানীয়রা।

গত ১৭ এপ্রিল কুলি করিমের মায়ের হাত ধরে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সেতুর নিচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

করিম বলেন, ‘রেলসেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষের চলাচলে চরম কষ্ট হতো। প্রায়ই দুর্ঘটনা ঘটত। অনেক জনপ্রতিনিধি এলেও কেউ উদ্যোগ নেয়নি। তাই দীর্ঘদিনের স্বপ্ন থেকে নিজের সামর্থ্য অনুযায়ী এই সেতু নির্মাণ করেছি। কুলির কাজের উপার্জন, একটি খাসি ও আমার শখের মোটরসাইকেল বিক্রি করে এবং কিছু ঋণ নিয়ে সেতুটি তৈরি করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

আরো

সম্পর্কিত খবর