বাগেরহাট: ঝনঝনিয়া-নালিয়ার সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযান পরিচালনা করে ঝনঝনিয়া-নালিয়ার খালের এ বাঁধ অপসারণ করেন। এ সময় তাকে সহায়তা করেন রামপাল থানার ওসি সুব্রত কুমারসহ সঙ্গীয় ফোর্স।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া-নালিয়ার খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।
তিনি আরও জানান, বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, ‘আজকের অভিযানে অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বাঁধ ও খাল দখলে জড়িতদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।