পিরোজপুর: পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। ডাকাতির ঘটনায় তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল গভীর রাতে নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামে ব্যবসায়ী মো. নাজমুল হাসানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির পেছনের সুপারি গাছ বেয়ে ছাদে উঠে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ওয়ারড্রপ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়। ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় এক ডাকাতকে আটক করা হলেও গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পৃথক অভিযান চালিয়ে বরিশাল মহানগরের নতুল্লাবাদ এলাকা থেকে ডাকাতির মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহ (৩১) এবং বাবুগঞ্জ উপজেলার চাঁদাপাশা এলাকা থেকে দলের সদস্য নজরুল ইসলাম (৫২)কে গ্রেফতার করা হয়। এর আগে একই ডাকাত দলের দলনেতা আ. আজিজকেও গ্রেফতার করা হয়।
র্যাব-৮ জানায়, ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার এমদাদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। গ্রেফতারদের পিরোজপুরের নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। তিনি জানান, আসামিদের আদালতে পাঠিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।