Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যের গাড়িতে হামলা, জামায়াতের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ০৯:০৩

জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি।

ঢাকা: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ‘নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করতে যান। এ সময় তিনি হোগলা ইউনিয়ন থেকে ফেরার পথে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি পার্ক করেন। এ সময় প্রায় শতাধিক সন্ত্রাসী অতর্কিত তার গাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে এবং মসজিদ ঘেরাও করে প্রায় ঘণ্টাব্যাপী অধ্যাপক মাসুম মোস্তফার সাথে থাকা লোকজনসহ সবাইকে অবরুদ্ধ করে রাখে। আমরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে এখন একটি সংকট চলছে। এ সময়ে যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা দেশের স্থিতিশীলতা চায় না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিতভাবে সংঘটিত এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি।’

এ ছাড়াও তিনি বলেন, ‘আমি অবিলম্বে এই বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর