যশোর: যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন পর্ষদ’ নিরঙ্কুশ জয় পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ২০টি পদের মধ্যে এ প্যানেল ১৭টিতে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বী ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ পেয়েছে ৩টি পদ।
শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ২৯ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭৭ জন ভোট দিয়েছেন। ভোটদানের হার প্রায় ৭৫ দশমিক ৯৭ শতাংশ। তিনটি কেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাত পর্যন্ত ভোটারদের অংশগ্রহণ অব্যাহত ছিল।
বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন কাসেদুজ্জামান সেলিম। এ ছাড়া ‘সংস্কার ও উন্নয়ন পর্ষদ’-এর বিজয়ী অন্য প্রার্থীরা হলেন— রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), এ. জেড. এম. সালেক স্বপন (১১৫৩), ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুনু (১১০৫), শাহনাজ পারভীন (১১০১), মো. জিল্লুর রহমান (১০৯১), মাহমুদ হাসান বুলু (১০৬৮), শেখ জুলফিকার আলী (১০৫৩), মো. শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), মো. এমবান সাদিক (১০২৬), এস. এম. মোস্তাফিজুর রহমান কবির (৯৯৫), আবুল কায়েস (৯৮২), মো. আলমগীর হোসেন (৯৮০), হাবিবুর রহমান (৯৭৯) ও শাহাবুদ্দিন আহমেদ সাবু (৯৪৪)।
অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী তিনজন হলেন—আনিসুজ্জামান পিন্টু (১০০৬), নাসির উদ্দীন মিঠু (১০৭০) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।