Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের টানে রংপুরে চীনা যুবকের বিয়ে, উৎসুক মানুষের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৫

আনিকা আক্তার ও মা লিয়াংহুই।

রংপুর: ভালোবাসায় সীমানা হয় না বাধা, আর তার প্রমাণ রাখলেন চীনের যুবক মা লিয়াংহুই। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের এক তরুণীর সঙ্গে। প্রিয় মুখ দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চীনা যুবক ছুটে আসেন রংপুরে।

প্রেমের টানে ভিনদেশি এই যুবক স্থানীয় ওই তরুণীকে বিয়ে করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তরুণীর বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতের পর থেকেই ভিনদেশি এই বরকে একনজর দেখতে উৎসুক মানুষের ঢল দেখছে রংপুরের মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রাম।

জানা গেছে, চীনা যুবকের নাম মা লিয়াংহুই। তিনি চীনের নাগরিক। অপরদিকে কনে আনিকা আক্তার। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন প্লাটফর্মের মাধ্যমেই প্রথম পরিচয় হয় আনিকা আক্তারের সঙ্গে মা লিয়াংহুইয়ের। সেই অনলাইন পরিচয় অল্প সময়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়। একপর্যায়ে ভালোবাসার টানে তিনি বাংলাদেশে পাড়ি জমান।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান এই চীনা যুবক। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর গ্রামটিতে বিদেশি নাগরিক আসার খবর ছড়িয়ে পড়লে আনিকাদের বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকের জন্যই এটি ছিল চোখে দেখা প্রথম কোনো বিদেশি নাগরিক, তাই কৌতূহলের যেন শেষ ছিল না।

এদিকে এই খবর ইতোমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে পরিবার পরিজন নিয়ে এসে এই ভিনদেশি বর ও স্থানীয় কনেকে দেখে যাচ্ছেন।

সারাবাংলা/ইআ