Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে হামের ভয়াবহ রূপ
১৮ দিনে ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৯ রোগী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৯:৫২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:৫৪

সিলেট: জেলায় ভয়াবহভাবে বেড়েছে হামের সংক্রমণ। একদিনে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে গত ১৮ দিনে ৯ শিশুর মৃত্যু মৃত্যু হয়েছে। তাছাড়া হাসপাতালে মোট ১৬৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এতে উদ্বেগ বেড়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিন-রাত মিলিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ভারপ্রাপ্ত ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ এবং একই উপজেলার তউফিক নামের এক ৫ মাস বয়সী শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয়জন। এর মধ্যে ১ জনের হাম শনাক্ত হয়েছিলো। বাকি ৮ জনের ক্ষেত্রে উপসর্গ থাকলেও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সাতজন (যাদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মা ও শিশু হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ভারপ্রাপ্ত ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর