Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত সংস্কারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ০০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে মহানগর নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, প্রায় দুই বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে থাকলেও এখনো কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বাজেট পাসের ঘোষণা এলেও বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। ফলে প্রতিদিন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসনকে বারবার আল্টিমেটাম দেওয়ার পরেও প্রায় দুই বছর কেটে গেছে। বাজেট পাস হয়েছে মর্মে বিভিন্ন কথা শোনা গেলেও গত দিনগুলোতে এবং ‘আজ-কাল’ করে শুধু কালক্ষেপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, স্থানীয় ব্যবসায়ী পার্থ বোস, জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, নাগরিক কমিটির সদস্য মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা সিটি করপোরেশনের দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করে নতুন প্রশাসকের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরুর দাবি জানান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সিটি করপোরেশন পুনঃনির্মাণ কিংবা সংস্কারে কোনো জরুরি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। এই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ, ছাত্র ও ব্যবসায়ীরা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।

উল্লেখ্য, এই সড়কটি নগরীর গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক ও যাতায়াতের পথ হওয়ায় এর দুরবস্থা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী বলেন, ‘ওই রাস্তাটি পুনঃনির্মাণের টেন্ডার হয়েছে। এখন অ্যাসেসমেন্টের কাজ চলছে। দ্রুতই রাস্তাটি পুননির্মাণে কার্যাদেশ দেওয়া হবে এবং কাজ শুরু হবে।’

তবে ‘পরীক্ষামূলক কাজ চলছে’ বা ‘অ্যাসেসমেন্ট শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে’— এ ধরনের প্রশাসনিক ব্যাখ্যায় স্বস্তি পাচ্ছেন না সাধারণ নাগরিকরা। তারা দাবি জানিয়েছেন, যুগের পর যুগ ধরে এই সড়ক নগরবাসীকে জিম্মি করে রাখা ঠিক নয়, বর্ষা শুরু হওয়ার আগেই সংস্কারকাজ হাতে নেওয়া জরুরি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর