কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, প্রসেসড তামাক এবং সিগারেট তৈরির ফিল্টার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় একটি অবৈধ কারখানা সিলগালা করা হয়েছে।
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উপজেলার গড়বাড়িয়া গ্রামে ভাড়া নেওয়া একটি কারখানায় নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করে বাজারজাত করা হচ্ছে। পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালানো হয়।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক, ব্যবস্থাপক ও কর্মচারীরা পালিয়ে যান বলে জানিয়েছে র্যাব।
পরে কারখানায় তল্লাশি চালিয়ে ১ লাখ শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, ১৫০ কেজি তামাক এবং ২৪ হাজার শলাকা সিগারেট তৈরির ফিল্টার উদ্ধার করা হয়।
এ ছাড়া, সিগারেট তৈরির ছয়টি মেশিন জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে। উদ্ধার করা মালামাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর পুলিশ স্টেশনে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।