যশোর: যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) রাতে চট্রগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় বাবুল সাহেবের মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৩ মে) বিকালে মনিরকে যশোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কাজ করতেন তিনি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্রগ্রামের ডাবলমুরিং থানা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার ৬মে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মসজিদের সামনে নিজের নির্মাণাধীন ৬তলা ভবনের সামনে পীরবাড়ির শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন অস্ত্রধারীর হামলায় খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ ও তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এর পরিচালক ছিলেন।