সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে সালাহউদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রইস মিয়ার বাড়ির কাছে নদীতে মরদেহটি ভেসে ওঠে। নিহত সালাহউদ্দিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ থাকতেন সালাহউদ্দিন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন তারা মিয়ার কয়েকটি গরু মাঠে নিয়ে ঘাস খাওয়াতেন এবং সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতেন। কিন্তু ১১ মে তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ নদীতে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’