Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের টানে বগুড়া থেকে কুষ্টিয়ায়, বিষপানের পর হাসপাতালে ভর্তি যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৩:৫৯

ইলিয়াস সরদার।

কুষ্টিয়া: টিকটক ও ফেসবুকে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের পরিণতি টানতে প্রেমিকার বাড়িতে এসে বিয়ের দাবি জানান এক যুবক। তবে পরিবারের অমতে বিয়ে আটকে যাওয়ায় অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার এলাকায়।

অসুস্থ ওই যুবকের নাম ইলিয়াস সরদার। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্‌ম টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কুষ্টিয়ার এক তরুণীর সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিয়ের উদ্দেশ্যে ইলিয়াস প্রেমিকার বাড়িতে আসেন। শুরুতে মেয়ের পরিবার আপত্তি জানালেও পরে তারা বিয়েতে সম্মতি দেন। তবে শর্ত হিসেবে ছেলের বাবা-মাকে উপস্থিত থাকতে বলা হয়।

বিজ্ঞাপন

এরপর ইলিয়াস তার পরিবারকে বিষয়টি জানালে তারা এতে অসম্মতি জানিয়ে তাকে বকাঝকা করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়ের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস বলেন, মেয়ে রাজি, মেয়ের পরিবারও রাজি। কিন্তু আমার বাবা-মা আসছেন না বলে বিয়ে হচ্ছে না। পরিবারের বকাঝকার কারণেই আমি আত্মহত্যার চেষ্টা করেছি।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা জানান, গত ১১ মে রাতে বিষপান করা অবস্থায় ইলিয়াসকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার শরীর থেকে বিষ বের করেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তিনি আরও জানান, বুধবার (১৩ মে) বিকেল পর্যন্ত ওই যুবকের পরিবারের কেউ হাসপাতালে আসেননি।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর