যশোর: জেলার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সন্ধ্যায় জেলা শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ‘স্বপ্নবিলাস’ নামে একটি ছাত্রমেস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপন চট্টগ্রাম জেলার মৌসুমী আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিচয় গোপন রেখে এই ছাত্র মেসে অবস্থান করছিলেন।
পুলিশ জানিয়েছে, রিপন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। বছর দুই আগে তিনি সেখান থেকে দেশে ফেরেন। ছাত্রাবাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবারের পর থেকে রিপনের দেখা মেলেনি। ঘটনার দিন সকাল থেকে ডাকাডাকি করেও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রিপনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ ও মেস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রিপন প্রায় এক বছর ধরে এখানে রয়েছেন। রুম ভাড়া নেওয়ার সময় তিনি নিজের নাম মুনসুর হোসেন এবং পাসপোর্ট অফিসে চাকরি করেন বলে জানান। তবে, রুম ভাড়া দেওয়ার সময় তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা অন্য কোনো কাগজপত্র নেওয়া হয়নি।
ছাত্র মেসের ম্যানেজার মিলন হোসেন বলেন, ‘সকাল থেকে ডাকাডাকি করেছি কিন্তু সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দিই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) যশোরের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তবে, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (অপারেশন) মো. মুমিনুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শুরুতে নিহতের নাম মুনসুর হোসেন জানতে পারলেও তার আসল নাম ইব্রাহিম খলিল রিপন। তিনি চট্টগ্রামের বাসিন্দা। তবে কেন এতোদিন নাম পরিচয় গোপন রেখে এখানে অবস্থান করছেন, আর কীভাবে মারা গেলেন তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’