কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে শাহবাগ এলাকার পিরামিড মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনায় করা মামলার আসামি তাজুল ইসলাম তাজ।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে মেঘনা থানায় ৮৬ জনকে আসামি করে মামলা করেন। মামলায় তাজুল ইসলাম তাজকে চার নম্বর আসামি করা হয়েছে।
ওসি শহীদুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে শাহবাগ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মেঘনা থানায় আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মেঘনা থানায় আনা হচ্ছে।’