Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামাতো বোনের সঙ্গে প্রেম, সালিশি বৈঠকে ফুফাতো ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ০০:৩০

ছুরিকাঘাতে নিহত ঝন্টু মিয়া (ডানে)।

যশোর: জেলার চৌগাছায় মামাতো বোনের প্রেমঘটিত বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া (৩০) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২)।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়া এলাকার শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ঝন্টুর ১৪ বছর বয়সী মামাতো বোন জুঁইকে সোমবার (১৮ মে) দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্তি মিয়া ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে দক্ষিণসাগর গ্রামে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জুঁইকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

তবে সালিশ শেষে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শান্তি মিয়ার পক্ষের আবু উবাইদাসহ কয়েকজন ঝন্টু ও আশানুরের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আশানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, হাসপাতালে আনার আগেই ঝন্টুর মৃত্যু হয়। আহত আশানুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর