Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১২:৫৯

সিরাজগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের অভিষেক অনুষ্ঠান।

মঙ্গলবার (১৯ মে) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, টেলিভিশন রিপোর্টার ও ক্যামেরা জার্নালিস্টরা অংশ নেন।

সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সাংবাদিক নেতারা বলেন, সংবাদচিত্র শুধু খবরের উপস্থাপন নয়, এটি সময় ও সমাজের বাস্তবতার দলিল। ক্যামেরা জার্নালিস্টরা ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে সত্য ও বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এরপর শহরের বাজার স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া সাংবাদিকরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের প্রতীক বহন করেন। এসময় শহরের সাধারণ মানুষও র‍্যালিকে স্বাগত জানান।

র‌্যালির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, বর্তমান সময়ে ক্যামেরা জার্নালিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ঘটনার বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরতে তারা নিরলসভাবে কাজ করছেন। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও সত্য প্রকাশে তারা পিছপা হন না। গণমাধ্যমের এই অংশকে আরও শক্তিশালী ও পেশাদার করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। আর ক্যামেরা জার্নালিস্টরা সেই দর্পণের সবচেয়ে জীবন্ত অংশ। প্রযুক্তির এই যুগে ভিডিও ও চিত্রভিত্তিক সংবাদ মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে ক্যামেরা জার্নালিস্টদের প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা জরুরি।

কর্মসূচিতে অংশ নেওয়া টেলিভিশন রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, জেলার ক্যামেরা জার্নালিস্টদের মধ্যে পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি জেলার ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে কাজ করবে। পাশাপাশি দুর্যোগ, দুর্ঘটনা কিংবা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী ক্যামেরা জার্নালিস্টদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা ছাড়াও সাংবাদিকতার উন্নয়ন ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।