নওগাঁ: জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার উদ্যোগে গত এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইলফোন উদ্ধার করে তা মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইলফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
এ সময় হারানো মোবাইলফোন ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইলফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মোবাইলফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিণত হয়েছে। হারানো মোবাইলফোন মালিকদের নিকট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো সকল মোবাইলফোন উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’