Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৮:২৪

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ২জনের পরিচয় শনাক্ত হয়েছে। দুর্ঘটনায় আহত ২৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা মধ্যে পরিচয় শনাক্ত হওয়া দু’জন হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫), খোকসা উপজেলার কমলাপুর গ্রামের জুনায়েদ আহাম্মেদ এর ছেলে নাবিল (২৮)। অপর দুই নিহতের পরিচয় জানা যায়নি।

এর আগে শনিবার (২৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ী বালু বোঝাই ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে একটি খালে পড়ে যায়। পরে স্থানীয়রা খাল থেকে নিহত ২জন এবং আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জনের মরদেহ রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন চক্রবর্তী জানান, ৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। একজন নারী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। যারা ভর্তি রয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী তানহা পরিবহনের একটি বাসের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন ঘটনাস্থলে, ১ জন হাসপাতালে নেওয়া পথে এবং ১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর