সিরাজগঞ্জ: মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ২ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ এবং পিকআপ ড্রাইভার লিটন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়। এরপর অভিযুক্ত ৫ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ৫ সদস্যকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’