সিলেট: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটে আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়া এই বিশাল আকৃতির ষাঁড়টি কিনেছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
রোববার (২৪ মে) বিকেলে রাজধানীর একটি পশুর হাটে দীর্ঘ দরদাম ও প্রতিযোগিতার পর ২০ লাখ টাকায় ‘কালো মানিক’ ক্রয় করেন তিনি।
খামারি সোহাগ মৃধা জানান, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে ‘কালো মানিক’কে। কুচকুচে কালো রঙ, শান্ত স্বভাব ও বিশাল আকৃতির কারণে এটি ইতোমধ্যেই গরুটি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। প্রায় ১২ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই ষাঁড়টির ওজন প্রায় ৪৫ মণ।
দেশের বিভিন্ন প্রান্তের অনেক ক্রেতা গরুটি কেনার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সিলেটের ফাহিম আল চৌধুরী সর্বোচ্চ দর দিয়ে এটি কিনে নেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ক্রয় শেষে ফাহিম আল চৌধুরী বলেন, ‘এটি আমি আবেগের জায়গা থেকে কিনেছি। ম্যাডামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গরুটি কিনেছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
জানা গেছে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ‘কালো মানিক’কে সিলেটে নেওয়ার প্রস্তুতি চলছে। ঈদুল আজহায় সিলেটেই গরুটি কোরবানি করা হবে।
উল্লেখ্য, গত বছর কোরবানিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিয়েছিলেন পটুয়াখালীর সোহাগ বিশ্বাস। উপহার গ্রহণ করে পরে সেই গরুটি বেগম জিয়া পুনরায় সোহাগ মৃধার ছেলে জিসান মৃধাকে উপহার দেন এবং পরিবারের স্বচ্ছলতার জন্য গরুটি কাজে লাগানোর পরামর্শ দেন। সে সময় তাদের গুলশানের বাসভবনে আপ্যায়নও করা হয়েছিল।