Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, ধীরগতিতে চলছে পরিবহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৪:৫৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিত্র।

কুমিল্লা: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকারি ছুটির প্রথম দিন থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। ফলে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে বেড়েছে যানবাহনের চাপ। যদিও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি, তবে স্বাভাবিক সময়ের তুলনায় ধীরগতিতে চলতে দেখা গেছে অধিকাংশ যানবাহনকে।

সোমবার (২৫ মে) সকাল থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম ও পদুয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের গতি ধীর। বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো এবং সড়কের পাশে বাজারকেন্দ্রিক চাপের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘সকাল ৭টায় ঢাকার যাত্রাবাড়ী থেকে রওনা দিয়েছি। এখনও কুমিল্লা পার হতে পারিনি। যানজট না থাকলেও গাড়ি খুব ধীরে চলছে। তবে ঈদের সময় হিসেবে পরিস্থিতি মোটামুটি সহনীয়।’

চট্টগ্রামগামী যাত্রী রোকসানা আক্তার বলেন, ‘প্রতি ঈদেই কষ্ট করে বাড়ি ফিরতে হয়। এবার রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। তারপরও পরিবারের সঙ্গে ঈদ করতে পারব, এ আনন্দই আলাদা।’

অন্যদিকে বাসচালক আব্দুল মালেক জানান, ‘সড়কে গাড়ির চাপ সকাল থেকেই বেড়েছে। বিভিন্ন জায়গায় লোকাল বাস ও সিএনজির কারণে গতি কমে যাচ্ছে। পুলিশ কাজ করছে, তাই বড় ধরনের যানজট হয়নি।’

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর শাহজাহান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে আজ মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি। তবে কোথাও দীর্ঘ যানজট নেই। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।’

তিনি আরও জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে।

এদিকে যাত্রীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো, অবৈধ পার্কিং এবং ছোটো যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ভোগান্তি বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, ঈদের আগের দু-একদিন যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তাই যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর