Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেচাকেনা বাড়লেও ক্রেতা টানতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেট
২৫ মে ২০২৬ ১৮:২৬

চলছে ঈদের বেচাকেনা।

ঢাকা: ঈদ-উল-আযহা ঘিরে রাজধানীর অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র নিউ মার্কেট এলাকাজুড়ে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটের অলিগলি ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাক, জুতা, কসমেটিকস, ব্যাগ, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন দোকানে চলছে কেনাকাটার ব্যস্ততা। তবে ভিড় থাকলেও আশানুরূপ বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা।

বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা গেছে নিউ মার্কেটে। অনেকেই তুলনামূলক কম দামে পছন্দের পণ্য কিনতে ছুটে আসছেন এই মার্কেটে। বিক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, বেচাকেনা ততো বাড়বে।

বিজ্ঞাপন

নিউ মার্কেটের পোশাক ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘ক্রেতা অনেক আসছে, কিন্তু আগের মতো কেনাকাটা করছে না। সবাই দাম দেখে, ঘুরে আবার চলে যাচ্ছে। তারপরও ঈদের শেষ সপ্তাহে ভালো বিক্রির আশা করছি।’

আরেক ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, ‘গত বছরের তুলনায় পণ্যের দাম বেড়েছে। আমদানির খরচ ও দোকানভাড়া বাড়ার কারণে বাধ্য হয়েই কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এজন্য ক্রেতারাও হিসাব করে কিনছেন।’

অন্যদিকে ক্রেতারা বলছেন, সীমিত বাজেটের মধ্যেই পরিবারের সবার জন্য কেনাকাটা করার চেষ্টা করছেন তারা। রাজধানীর মোহাম্মদপুর থেকে কেনাকাটা করতে আসা গৃহিণী রুবিনা আক্তার বলেন, ‘নিউ মার্কেটে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। তাই প্রতিবছর এখান থেকেই ঈদের কেনাকাটা করি। তবে এবার অনেক কিছুর দাম আগের চেয়ে বেশি।’

মার্কেট ঘুরে দেখা যায়, নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড়। এ ছাড়া জুতা ও কসমেটিকসের দোকানেও ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর ভিড় আরও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে। একইসঙ্গে ভিড় সামাল দিতে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।

ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ঈদকে কেন্দ্র করে এবার প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখা হচ্ছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব বেচাকেনার ওপর পড়েছে বলেও তারা মনে করছেন।

তাদের আশা, ঈদের শেষ কয়েকদিনে ক্রেতার চাপ আরও বাড়বে এবং তখন জমে উঠবে পুরো নিউ মার্কেট এলাকার বেচাকেনা।

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর