Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারের উদাসীনতায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে: বুলবুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ২২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। ঈদুল ফিতরের মতোই ঈদুল আযহাকে সামনে রেখে মানুষ ভোগান্তি পোহাচ্ছে। স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া নিলেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। জনগণকে স্বস্তি ও শান্তি দিতে পারছে না। সরকারের উদাসীনতায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে দলীয় কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখ-সমৃদ্ধি, নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। জামায়াতে ইসলামী কর্মী এবং সুধীদের সহায়তায় ফান্ড তৈরি করে ব্যাপকভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম একটি সমাজ সংস্কার ও সমাজসেবা উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের মানুষের প্রয়োজনে যে কোনো দূর্যোগ-দুর্দিনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে ছুটে যায় এবং যাবে।’

রাষ্ট্রীয় পরিকল্পনার অভাবে মানুষের দূর্ভোগ বাড়ছে উল্লেখ করে বুলবুল বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কোনো সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি, নিতে পারেনি। ফলে সমাজের দরিদ্র শ্রেণির মানুষ দরিদ্রই রয়ে গেছে; অপরদিকে ধনীরা আরও ধনী হচ্ছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, ড. হেলাল উদ্দিন, সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠুসহ অনেকেই।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর