Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাকিমপুরে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৫:৪৭

গ্রেফতারকৃত আসামি।

হিলি: দিনাজপুরের হাকিমপুরে তিনটি ভিন্ন থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজন ইসলামকে (২৪) গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর ১২টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার নওদাপাড়া গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামেরই তার চাচার বাড়ি থেকে আসামি সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন নওদাপাড়া গ্রামের মো. কাফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর থানা, ঢাকার পল্লবী থানা এবং সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘সুজন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্ট থাকায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৩১ মে) সন্ধ্যায় নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারের পর আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর