ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে চারটার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে যশোরগামী একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক এবং চারজন যাত্রী গুরুতর আহত হন।
মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। যাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া দুই শিশুসহ আরও ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করেন।
হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।