Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচ্ছেদের পর বাবার বাড়িতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২৩:৫৬

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলায় সাবিয়া খাতুন (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিয়া খাতুন ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাবিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই চলাফেরা করলেও বিচ্ছেদের পর থেকে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার জন্য সাবিয়াকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা তার কক্ষে প্রবেশ করেন। এ সময় ঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নামিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

ঘটনার খবর পেয়ে রোববার (৭ জুন) সকালে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।