চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি দিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান এবং বশির উদ্দিন। তারা স্থানীয় চিকিৎসকদের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকার বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা ব্যানার ও পতাকা টাঙিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আপত্তি জানিয়ে ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। তবে ব্রাজিল সমর্থকরা তা অপসারণ না করায় রোববার রাতে আর্জেন্টিনা সমর্থকরা ব্যানারটি খুলে ফেলে।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সোমবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন আহত হন। রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, ‘মেসির আপত্তিকর ছবি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন উভয় পক্ষের সমর্থকেরা।’
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ‘ব্যানার নিয়ে দুপক্ষের হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। স্থানীয় মুরব্বিরা বসে বিষয়টির সমাধান করেছেন। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যাতে কেউ অপ্রীতিকর ঘটনায় না জড়ান, সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে।’