Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১০:৩০ | আপডেট: ১০ জুন ২০২৬ ১১:২৩

খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়।

রাজবাড়ী: রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র ২নং রেলগেট হয়ে বাজার প্রবেশের সড়ক সদর খাদ্য গুদামের সামনে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে তীব্র দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রবে পথচারী ও যাত্রীদের চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে। এই পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে।

সরেজমিনে সদর খাদ্য গুদামের সামনে গিয়ে দেখা যায়, এই ময়লাতে একদিকে যেমন বায়ু ও পরিবেশ দূষণ হচ্ছে, তেমনি পথচারীরা নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

সদর খাদ্য গুদামের সামনে দেখা গেছে, পচা আম ফেলানো, কাঁচা তাল কেটে ফেলানো, তরকারি বাজারের পচা তরকারি, মরিচ সহ বিভিন্ন বাসা বাড়ির ময়লা, পলিথিন এবং বাজারের বিভিন্ন ময়লা ফেলানো। এই ময়লা সড়কের প্রায় মাঝে চলে আসছে। এসব ময়লার ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। শ্বাসকষ্ট, অ্যাজমা, এলার্জিসহ বিভিন্ন রোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। এই ময়লার ভাগাড় থেকে জন্ম নিচ্ছে মশা-মাছি, ছড়াচ্ছে বিভিন্ন প্রকার রোগ জীবাণু। দুর্গন্ধে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যানবাহনের যাত্রী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী, দোকানদাররা মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। কর্তৃপক্ষের কাছে বলেও কোন সমাধান পাচ্ছে না পৌরবাসী। এদিকে মশার অতিষ্ঠেও রয়েছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্ত যাচ্ছিলেন স্কুলে। সদর খাদ্য গুদামের সামনে থেকে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন এখান দিয়ে যেতে হয় স্কুলে, প্রচুর গন্ধ থাকে। নাক চেপে যাই। ময়লার স্তূপে সারাদিন মশা-মাছি ভনভন করে। মাঝে মাঝে পচা-আবর্জনা পোড়ানো হয়। সেগুলো পোড়ানোর ধোঁয়ার তীব্র গন্ধে চলাচল করতে কষ্ট হয়।’

নবিন নামের একজন বলেন, ‘বাজারে ঢোকার পথেই এমন ময়লার ভাগাড়। এগুলো কি কর্তৃপক্ষ চোখে দেখে না। কিছুদিন পরে বৃষ্টি হবে। তখন তো চলাচল করাই কষ্ট হবে। মাঝে মাঝে পচা গন্ধ থাকে। চলাচলা খুব কষ্ট হয়। আমরা চাই এখান থেকে ময়লা গুলো সড়ানো হোক।’

এই বিষয়ে জানতে রাজবাড়ীর পৌরসভার প্রশাসকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ি পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক বলেন, ‘ওই স্থানটিতে একটু সমস্যা রয়েছে। শিগগিরই আমাদের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানের কাজ শুরু হবে। আশা করি দ্রুতই ওই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।’

সারাবাংলা/এএ