Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ২৩:৪৯

রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে স্বল্প খরচে রোগীরা নিজ এলাকার কাছেই সেবা নিতে পারেন।

বুধবার (১৭ জুন) দুপুরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৭ বছরে প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এ সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।’

সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আইসিইউর পাশাপাশি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজও চলমান রয়েছে। এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর