ঢাকা: জলবায়ু পরিবর্তন, শুষ্ক আবহাওয়া ও নগরায়ণের চাপে বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের রাজধানী ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
আইকিউএয়ারের একিউআই সূচকে ১৯৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল বিশ্বের পঞ্চম দূষিত শহরের তালিকায়। একই সময় বিশ্বের চারটি শহরের বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। তালিকার শীর্ষে ছিল ভিয়েতনামের হেনয়, যার একিউআই স্কোর ২৭৮। এরপর পাকিস্তানের লাহোর (২৫৬), ইরাকের বাগদাদ (২৫৪) ও মিশরের কায়রো (২০৮) অবস্থান করে।
একিউআই মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে শুষ্ক আবহাওয়া, অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া ও শিল্পকারখানার দূষণ ঢাকার বায়ুমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দীর্ঘদিন ধরে কার্যকর নিয়ন্ত্রণের অভাবে রাজধানীর বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকিতে পরিণত হয়েছে।
পরিবেশবিদরা বলছেন, বায়ুদূষণ কমাতে নির্মাণস্থলে ধুলা নিয়ন্ত্রণ, পুরোনো ও ধোঁয়াবাহী যানবাহন অপসারণ, শিল্পকারখানায় নির্গমন মান কঠোরভাবে প্রয়োগ এবং নগর এলাকায় সবুজায়ন বাড়ানোর বিকল্প নেই। অন্যথায় ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।